সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখির আগমন শুরু, জলাশয়ের পাড়ে উচ্চ শব্দ ও মাছ ধরায় নিষেধাজ্ঞা

শীতের শুরুতে ক্যাম্পাসের জলাশয়ে অতিথি পাখি আসতে শুরু করায় পাখির নিরাপত্তায় কয়েকটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন; বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ।

শীতের আগমনী বার্তার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয় এখন এসব অতিথি পাখির বিচরণে মুখর। পাখির সুরক্ষা ও ক্যাম্পাসে নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশনার কথা জানানো হয়। পাখির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়কে ইতিমধ্যে পাখির বাসযোগ্য করে গড়ে তোলা হয়েছে। পাখির নিরাপত্তা ও শান্ত পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ দূরত্ব থেকে পাখি পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

পাখিদের বিরক্ত বা ভীত না করতে সুনির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং না করা, জলাশয়ে মাছ ধরা থেকে বিরত থাকা, ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া বা যেকোনো ধরনের উচ্চ শব্দ না করা এবং জলাশয়ে প্লাস্টিক, পানির বোতল ও পলিথিন না ফেলা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, পাখির প্রতি মানুষের ভালোবাসা ও মমত্ববোধই তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। অতিথি পাখির অভয়ারণ্য গড়ে তোলার এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার পূর্ণ সহযোগিতা চেয়েছে তারা।