আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে তলব করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার তিনি সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।
ব্যাখ্যায় ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর একটি রাজনৈতিক সভায় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এমন কোনো বক্তব্য তিনি দেননি। তাঁর দাবি, তাঁর বক্তব্য তা বিভিন্ন প্রতিবেদনে ভুলভাবে এসেছে। ট্রাইব্যুনালকে লক্ষ্য করে কথা বলার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না বলেও তিনি জানান।
ফুয়াদ আরও বলেন, তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং দুর্নীতির প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনও উদ্ধৃত করেছেন। তাঁর ভাষ্য, ট্রাইব্যুনাল প্রশাসন, প্রসিকিউশন, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন ক্ষেত্রে লেনদেনের বিষয় তুলে ধরা হয়েছে এবং তাঁর বক্তব্য ছিল সামগ্রিক বিচারিক প্রক্রিয়া নিয়ে।
ফুয়াদের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল তাঁকে সতর্ক করে এবং ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেয়। এরপর আদালত অবমাননার অভিযোগের বিষয়টি নিষ্পত্তি করা হয়। ট্রাইব্যুনাল বলে, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে বলেও ট্রাইব্যুনাল উল্লেখ করে।
এর আগে গত ১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করে ট্রাইব্যুনাল-১। ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তাঁর আইনজীবীরা আরও সময় চাইলে আজকের দিন ধার্য করা হয়।