নাশকতা ঠেকাতে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে আরও চার প্লাটুন। এ ছাড়া গোপালগঞ্জসহ সাত জেলায় আনসার ব্যাটালিয়নের ৪৯ প্লাটুন দায়িত্ব পালন করছে। শনিবার বিজিবি ও আনসার বাহিনীর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ৭ থেকে ১৯ নভেম্বর, এই ১২ দিনে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় ৩৯টি মামলা হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৭ জন সদস্যসহ মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরে ৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৯, ময়মনসিংহে ২, ফরিদপুরে ৫ ও কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সাধারণত বিজিবির এক প্লাটুনে ২০ জন সদস্য থাকেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ সংবেদনশীল স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আনসার বাহিনীর বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুন মোতায়েনের ফলে সেখানে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্বে আছেন। এ ছাড়া গাজীপুরে ১৩, ফরিদপুরে ৫, নারায়ণগঞ্জে ৪, খুলনায় ৪, মাদারীপুরে ৪ ও শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার মোতায়েন রয়েছে। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদ সুরক্ষা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন পরিবেশ বজায় রাখার কাজ করছেন।