মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে প্রবাসফেরত ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি, পুলিশ বলছে পলাতক সন্ত্রাসীর সহযোগীরা জড়িত

রোববার মধ্যরাতে মোটরসাইকেলে আসা পাঁচ অস্ত্রধারী ৮ থেকে ১০টি গুলি ছোড়ে বলে অভিযোগ করেছেন ৭৪ বছর বয়সী ব্যবসায়ী জাফর আহমেদ।

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৭৪ বছর বয়সী জাফর আহমেদ ৪০ বছর প্রবাসে ছিলেন; এখন তিনি জায়গা কেনাবেচার ব্যবসা করেন।

জাফর আহমেদের অভিযোগ, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা পাঁচ অস্ত্রধারী তাঁর বাড়ি লক্ষ্য করে ৮ থেকে ১০টি গুলি ছোড়ে। গুলিতে ভবনের জানালার কাচ ভেঙে যায়। যে কক্ষে গুলি লাগে, সেখানে তখন পরিবারের কেউ ছিলেন না; তাঁর ছেলের স্ত্রী ঢাকায় থাকায় কেউ হতাহত হননি।

তাঁর ভাষ্য, প্রায় ১০ মাস আগে সন্ত্রাসী রায়হান ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত বুধবার আবার ফোন করে বলেন, ‘টাকা রেডি হয়েছে, টাকা দিবা, নাকি মরবা?’ টাকা দিতে অস্বীকার করলে এ ঘটনা ঘটে। গুলির প্রায় ১০ মিনিট পর আবার ফোন করে রায়হান বলেন, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব।’ জাফর আহমেদ বলেন, ‘লোকজন টাকা দিয়ে সন্ত্রাসীদের অভ্যাস খারাপ করে ফেলেছে। আমি এক টাকাও দেব না।’

সোমবার দুপুরে ঘটনাস্থলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা যায়, তবে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি। পাশের একটি দোকানের এক কর্মচারী জানান, দুটি মোটরসাইকেলে পাঁচজন এসেছিলেন; পেছনের তিনজন পরপর গুলি ছোড়েন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, সন্ত্রাসী রায়হানের সহযোগীরা এ ঘটনায় জড়িত। পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। তিনি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করেন বলে পুলিশ জানিয়েছে। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী তিনি। এর আগে ৯ নভেম্বর নগরের পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুরে প্রকাশ্যে এক যুবককে গুলি করার ঘটনাও ঘটেছিল।