বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কায়রোর রিং রোডে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত অন্তত ৩০

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গিজার ওয়াররাক এলাকায় একটি টানেলের ওপর জ্বালানিজাত পণ্যবাহী গাড়ি উল্টে আগুন লেগে ১৫ জন আহত হয়েছেন।

মিসরের রাজধানী কায়রোর বৃহত্তর এলাকায় একটি প্রধান রিং রোডে জ্বালানিজাত পণ্যবাহী গাড়ি উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, গিজা প্রদেশের ইমবাবা এলাকার ওয়াররাক জেলায় একটি টানেলের ওপর আগুন লাগে। রিং রোডটি কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে সংযুক্ত করেছে, ফলে এ পথে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রকাশিত ছবিতে ঘটনাস্থলে কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন তিনি।

মিসরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এর কারণ হিসেবে অতিরিক্ত গতি, ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ ও সড়কের নাজুক অবস্থার কথা বলা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নতুন মহাসড়ক ও সেতু নির্মাণ করেছে, তবে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।