রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

৪৫ দিনের পদযাত্রায় টেকনাফ থেকে ঢাকার পথে ১২ জন, পাহাড়ের এক হাজার শিশুর জন্য চান মানবিক ক্যাম্পাস

বান্দরবানের উথোয়াইংগ্যা মারমা ও তাঁর ১১ সহযাত্রী ‘ওয়াক ফর হিউম্যানিটি’ নামে পদযাত্রা শুরু করেছেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সহায়তা চেয়ে।

সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর জন্য একটি মানবিক ক্যাম্পাস গড়ার স্বপ্ন নিয়ে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে ৪৫ দিনের পদযাত্রা শুরু করেছেন উথোয়াইংগ্যা মারমা ও তাঁর ১১ সহযাত্রী। গত বৃহস্পতিবার সকাল সাতটায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জিরো পয়েন্ট চত্বর থেকে শুরু হয় ‘ওয়াক ফর হিউম্যানিটি’ নামের এই পদযাত্রা।

পদযাত্রীরা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বিহার ঘুরে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরিকল্পনা করেছেন। সবার পরনে সাদা পোশাক; একজনের হাতে শান্তির প্রতীক সাদা নিশানা, আরেকজনের হাতে জাতীয় পতাকা। দলের অধিকাংশ সদস্যের বয়স চল্লিশের বেশি।

দলের নেতৃত্বে থাকা উথোয়াইংগ্যা মারমার বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। ২০১০ সাল থেকে তিনি পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বেচ্ছাসেবী কাজ করছেন। ২০২২ সালে ৯ শিশুকে নিয়ে লামায় গড়ে তোলেন ‘রংখেদং শিশু সদন’, পরে আলীকদমের দুর্গম সীমান্ত এলাকায় ‘প্রেন্নুই শিক্ষালয়’। তিনি জানিয়েছেন, এখন দুটি প্রতিষ্ঠানে চাকমা, মারমা, ম্রো, বম, খুমিসহ সাত সম্প্রদায়ের ২৬০ শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।

এই অভিজ্ঞতা থেকেই তিনি এক হাজার শিশুর জন্য আবাসন, শিক্ষা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষার ব্যবস্থাসহ একটি সমন্বিত ক্যাম্পাস গড়তে চান। জীবনমুখী ও পরিবেশভিত্তিক শিক্ষার পাশাপাশি শিশুরা যাতে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে পারে, সেই সুযোগও রাখার পরিকল্পনা আছে।

পদযাত্রা শুরুর সময় উথোয়াইংগ্যা মারমা বলেন, পাহাড়ের হাজারো শিশু শিক্ষা, খাদ্য ও চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জুমচাষ ও কৃষিকাজে ব্যস্ত দরিদ্র পরিবারের অনেক সন্তান নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। এসব শিশুর শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ। তিনি জানান, এলাকার অনেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন।