খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক নেতা আহত হয়েছেন। আহত রামিম বিশ্বাস (৩২) তেরখাদার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামিম বিশ্বাস সকালে ভ্যানে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পিঠে লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। তাঁর বাবার নাম হাবিবুর রহমান; তাঁদের বাড়ি পারহাজীগ্রামেই।
খবর পেয়ে তেরখাদা থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান। পাশাপাশি ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।
শনিবারই পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে ছিলেন। হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কিছু জানায়নি।