নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ও অন্যান্য স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, রবিউল একটি তথ্য পাচার চক্রের সক্রিয় সদস্য। অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য বিক্রি করা হচ্ছিল, যা মানুষের গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলেছে।
এসআরইউ–ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মো. নাজমুল আলম বলেন, ‘নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্যই ছিল রবিউল চক্রের বেচাকেনার পণ্য। মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করতেন তাঁরা।’
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, রবিউল ও তাঁর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অর্থের বিনিময়ে সেসব তথ্য বেচাকেনা করতেন।
নাজমুল আলম বলেন, সিডিআরসহ এ ধরনের স্পর্শকাতর তথ্য সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মোবাইল ফোন অপারেটরদের কাছে থাকে। গ্রেপ্তার রবিউলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার রবিউলের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত হিসেবে তাঁর বিরুদ্ধে আদালতে দোষ প্রমাণিত হয়নি।