২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় এ ফল প্রকাশ হয়। পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাঁরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল বদলেছে।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।
এর আগে ২২ নভেম্বর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। যাঁরা আবেদন করেছিলেন, তাঁরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল জেনে নিতে পারবেন।