সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে সেপ্টেম্বরের বেতন না পেয়ে সড়কে নামলেন পোশাক কারখানার শ্রমিকেরা, ছুটি ঘোষণা ২৮ অক্টোবর পর্যন্ত

বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে আঞ্চলিক সড়কে অবস্থান নেন লাকী স্টার অ্যাপারেলসের শ্রমিকেরা; সড়ক ছেড়ে তাঁরা কারখানার ফটকে অবস্থান নেন।

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল ৮টায় টঙ্গীর উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকার লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।

শ্রমিকেরা জানান, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষ গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে হঠাৎ করে ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। ঘোষিত ছুটির মধ্যেই সোমবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘আজ ২৬ অক্টোবর। অথচ আমরা এখনো গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাইনি। বেতন না পাওয়ায় ঘরভাড়া এবং দোকানের বাকি পরিশোধ করতে পারছি না। ছেলেমেয়ে নিয়ে কষ্টে আছি।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ রেখেছে। বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা সোমবার সকালে কারখানার সামনে এসে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে কারখানার বক্তব্য জানতে অ্যাডমিন ম্যানেজার মো. ফজলে আজিমের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি তা ধরেননি। ফলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বেতন কবে পরিশোধ করা হবে বা কারখানা কবে খুলবে, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।