দীর্ঘদিন পরে সীমান্তবর্তী মেহেরপুর জেলা প্রথমবারের মতো সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। ১৩২ কেভি সঞ্চালন লাইন ও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে এ সংযোগ স্থাপন করা হয়েছে। এতে জেলায় বিদ্যুৎ সরবরাহের মান ও নির্ভরযোগ্যতা বাড়বে এবং কম ভোল্টেজের পুরোনো সমস্যার সমাধান হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং ২৯ অক্টোবর গ্রিড উপকেন্দ্রটি চালু করা হয়।
নতুন অবকাঠামো
মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন এবং কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশন নির্মাণ করা হয়েছে।
আগে কী অবস্থা ছিল
পাওয়ার গ্রিড জানায়, এত দিন পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। দীর্ঘ দূরত্বের এ ব্যবস্থার কারণে প্রায়ই কম ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যা দেখা দিত। নতুন সংযোগের ফলে মেহেরপুরে মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুযোগ বাড়বে।
প্রতিষ্ঠানটি আরও আশা করছে, নতুন ব্যবস্থায় কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর বাড়তি লোডের চাপ কমবে এবং ওভারলোডজনিত সমস্যা নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে।