ঢাকার একটি বেসরকারি বিমাপ্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিনেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে মহাখালীর টিবি গেট এলাকা থেকে হীরা লাল নিখোঁজ হন। তাঁর ছেলে রিমন লাল পরদিন বুধবার বনানী থানায় জিডি করেন।
স্বজনেরা জানান, হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকার একটি বিমাপ্রতিষ্ঠানে চাকরি করেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো পুরান ঢাকার বাসা থেকে বেরিয়ে তিনি কর্মস্থলে যান। ওই দিন বেলা ১১টা ৫৬ মিনিটে স্ত্রীর সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। তখন তিনি স্ত্রীকে জানিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবেন। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হীরা লাল মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে দিয়ে হাঁটছেন। এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি।
জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক বলেন, হীরা লালের মুঠোফোনটি বন্ধ রয়েছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। নিখোঁজের কারণ এখনো জানা যায়নি।