আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ক্ষমতাসীন বিএনপি। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে দলের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এটি। সমাবেশের সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন আসনের দলীয় সংসদ সদস্য ও প্রার্থীদের পাশাপাশি মহানগর ও জেলার শীর্ষ পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা হয়। সভার পর সংবাদ সম্মেলনে ১ ডিসেম্বরের কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিজয়ের মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১ ডিসেম্বর। সোহরাওয়ার্দী উদ্যানে ওই দিন বেলা দুইটা থেকে উদ্বোধনী সমাবেশ শুরু হবে এবং সভায় প্রধান অতিথি থাকবেন তারেক রহমান।
বেলা ১১টা থেকে শুরু হওয়া যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকেরাও সভায় অংশ নেন।