চট্টগ্রামে পাঁচ ধরনের ফলের নমুনা পরীক্ষা করে গবেষকেরা পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি পেয়েছেন। পরীক্ষায় সবচেয়ে বেশি পারদ মিলেছে পেয়ারা ও কলার কিছু নমুনায়, ক্রোমিয়াম বেশি পাওয়া গেছে আমে। পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা পেয়ারায় পাওয়া গেছে সিসা।
গবেষণাটি পরিচালিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফলিত খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগের নেতৃত্বে। এতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরাও যুক্ত ছিলেন। গবেষণাপত্রটি ১৪ অক্টোবর আন্তর্জাতিক সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস-এ অনলাইনে প্রকাশিত হয়; সেটি সাময়িকীর নভেম্বর সংখ্যার ১৫৯তম খণ্ডে রয়েছে।
গবেষকেরা কলা, পেয়ারা, আম, পেঁপে ও আনারস বেছে নেন। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আট মাস ধরে রাঙামাটির পাহাড়ি উৎপাদন এলাকা, চট্টগ্রামের স্থানীয় বাজার ও সুপারশপ থেকে প্রতিটি উৎসের ১৫টি করে মোট ৪৫টি যৌথ নমুনা সংগ্রহ করা হয়। সিভাসুর পরীক্ষাগারে খোসাসহ ফল ধুয়ে, শুকিয়ে গুঁড়া করা হয়। পরে ঢাকায় বিসিএসআইআরের পরীক্ষাগারে বিশেষ যন্ত্রের সাহায্যে পাঁচ ধরনের ধাতুর পরিমাণ নির্ণয় করা হয়।
গবেষণা দলের তত্ত্বাবধায়ক ও সিভাসুর ফলিত খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগের প্রধান অধ্যাপক আয়েশা বেগম বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক ফলে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে উৎপাদন এলাকা, স্থানীয় বাজার ও সুপারমার্কেটের মধ্যে তুলনামূলক তথ্য আগে ছিল না; এই গবেষণা সেই ঘাটতি পূরণের একটি প্রচেষ্টা।
ফলাফলে দেখা যায়, একই ধরনের ফল হলেও সংগ্রহস্থলভেদে ধাতুর পরিমাণ আলাদা। সবচেয়ে বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে সুপারমার্কেট থেকে সংগ্রহ করা আমে—প্রতি কেজিতে ১ দশমিক ৯৫৮ মিলিগ্রাম। রাঙামাটির পাহাড়ি এলাকার পেয়ারায় তা প্রতি কেজিতে ১ দশমিক ৫৪২ মিলিগ্রাম। ফলভিত্তিক গড় হিসাবে প্রতি কেজি আমে ১ দশমিক ৩৯৯ এবং পেঁপেতে ১ দশমিক ২৬৮ মিলিগ্রাম ক্রোমিয়াম মিলেছে।
গবেষকেরা বলছেন, এসব ধাতু দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তবে পারদের পরীক্ষার ফল এখনো চূড়ান্ত নয়; আরও পরীক্ষা করে তা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যঝুঁকির হিসাবেও কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।