বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি। বুধবার এক বার্তায় এ কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি এই খবরকে ‘দুষ্ট চক্রের অপপ্রচার’ বলে উল্লেখ করেন।
শায়রুল কবির খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
বুলুর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান। চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই বার্তায় সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবির খান। তাঁর ভাষ্য, ওসমান ফারুক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ; শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন। এ বিষয়ে ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে এবং তাঁর পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই বলে শায়রুল কবির দাবি করেন।