স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্যের জন্য আলাদা সময় বরাদ্দের আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসি ২৯ নভেম্বর ১৯টি, ৩০ নভেম্বর ১৮টি এবং ১ ডিসেম্বর ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে। সংলাপ অর্থবহ করতে ১১ দলীয় ঐক্যের একসঙ্গে অংশ নেওয়ার বিষয়টি ইসির জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে; আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।
প্রধানমন্ত্রীর আহ্বানে জাতীয় সংলাপেও ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে এই জামায়াত নেতা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এ সংলাপ ভূমিকা রাখতে পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হবে। তাঁর ভাষ্য, সংকট নিরসনে সবার সহযোগিতা দরকার হলেও মূল দায়িত্ব সরকারের; সরকার সংস্কার বাস্তবায়নে কতটা আন্তরিক এবং তাদের পরিকল্পনা কী, তা সংলাপে স্পষ্ট হওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের তারিখ ও সময় চূড়ান্ত হলে ১১ দলের শীর্ষ নেতারা আবার বৈঠক করে আলোচনার বিষয়বস্তু ঠিক করবেন বলেও জানান হামিদুর রহমান আযাদ।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।