সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর বাকি পাঁচ প্রবাসীর মরদেহ শনিবার দেশে পৌঁছানোর কথা ছিল। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর আড়াই মাস পরে প্রিয়জনের নিথর দেহ ফিরছে, এতে স্বজনদের শোক আরও ঘনীভূত হয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়া পাঁচ প্রবাসীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
যাঁদের মরদেহ ফিরছে, তাঁরা হলেন নওগাঁ পৌর এলাকার পার-নওগাঁর মজনু রহমানের ছেলে মো. শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজীব এবং সাধনগর গ্রামের আজাহার আলীর ছেলে সাগর আলী।
গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি প্রবাসী মারা যান। তাঁদের মধ্যে নওগাঁরই ছিলেন ১২ জন। গত ২৭ আগস্ট প্রথম দফায় সাতজনের মরদেহ দেশে আনা হয়েছিল। আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তকরণের জটিলতায় বাকি পাঁচজনের মরদেহ এত দিন সৌদির হিমঘরে রাখা ছিল।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা শেষ হওয়ার পর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদ দূতাবাসের সমন্বয়ে দ্রুততম সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।