মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বোমাসদৃশ একটি বস্তু ও চিরকুট পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত রোববার দুপুরে গ্রামের খেলার মাঠের পাশে ভবনটির পিলারের ওপর বস্তুটি দেখা যায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিলারের ওপর কালো টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে আছে—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। কিছুটা দূর থেকে দেখা যাচ্ছিল, বস্তুটির গায়ে একটি চিরকুট লাগানো। সেখানে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, কোনো এক যুবক হয়তো তাঁর প্রেমিকাকে উদ্দেশ করে চিরকুটটি লিখেছেন। জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট লেখা হয়েছে আলোচনা তৈরি করার জন্য। তিনি জানান, বস্তুটি নিষ্ক্রিয় করতে গিয়ে দেখা গেছে, ভেতরে কোনো বিস্ফোরক নেই।
ওসির ভাষ্য অনুযায়ী, ভয় দেখানো বা আলোচনা তৈরি—যে উদ্দেশ্যেই কাজটি করা হোক, বোমাসদৃশ এই বস্তু ও চিরকুট আপাতত পুলিশের তদন্তের বিষয়। এ ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।