ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মঙ্গলবার এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলস্টেশন এলাকায় এ অবরোধ চলে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিল।
স্থানীয় লোকজন জানান, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া সদর উপজেলার মাছিহাতা, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন করেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখার এক কর্মকর্তা চার ইউনিয়ন নিয়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব বিভাগীয় কমিশনারের সুপারিশসহ পাঠানোর নির্দেশ দেন। এতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নের লোকজন ক্ষুব্ধ হন।
মঙ্গলবার সকালে পাঘাচং রেলস্টেশন-সংলগ্ন একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। সমাবেশে জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, কোনো অবস্থাতেই মাছিহাতা ইউনিয়নবাসী ‘বরিশল’-এ যুক্ত হবেন না। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশ শেষে বেলা ১১টার দিকে লোকজন রেললাইনে অবস্থান নেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ১১টার দিকে এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস সাড়ে ১১টার দিকে পাঘাচং স্টেশন এলাকায় আটকা পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকার মুরব্বিদের নির্দেশে লোকজন অবরোধ তুলে নিলে দুপুর ১২টার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। একই দাবিতে ৮ নভেম্বর সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া-আগরতলা সড়ক প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধ করা হয়েছিল। আলোচনার আশ্বাসে সেদিন অবরোধ তুলে নেওয়া হয়।