সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রায় ২৫ লাখ টাকা হাতানোর অভিযোগ, আটক ৩ আদালতে

ফ্যামিলি কার্ড, ঘর ও নলকূপ পাইয়ে দেওয়ার প্রলোভনে আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ পাইয়ে দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। পিরোজপুরের কাউখালীতে এ ঘটনায় দায়ের করা মামলায় আটক তিনজনকে সোমবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে চক্রটির খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতারা ধাওয়া করে তিন সহযোগীকে আটক করেন এবং কাউখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আসপদ্দি গ্রামের শতাধিক মানুষসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়ে চক্রের মূল হোতারা উধাও হয়ে গেছেন। মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়েছেন তিনি।

আসপদ্দি গ্রামের বাসিন্দা ইন্দ্রজিৎ সেন ও বিউটি বেগম জানান, প্রায় দুই মাস আগে চক্রটি স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে এলাকার মানুষের আস্থা অর্জন করেছিল। সেই আস্থাকে কাজে লাগিয়ে পরে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ২৫ লাখ টাকার বেশি হাতিয়ে নেয় চক্রটি বলে তাঁদের অভিযোগ।

অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আটক তিনজন ও পলাতক মূল অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।