উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও ফার্মাসিস্টদের সমন্বিত কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ফার্মাসিস্টদের একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসক ও ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি নিরাপদ ও কার্যকর ওষুধের নিশ্চয়তা, দক্ষ ফার্মাসিস্ট এবং গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, দেশে ফার্মেসি শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য ইতিবাচক।
তিনি আরও বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিশ্বের ১৬০টির বেশি দেশে বাংলাদেশের তৈরি ওষুধের চাহিদা ও সুনাম রয়েছে। এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ফার্মাসিস্টদের গবেষণা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সাখাওয়াত হোসেন গণমাধ্যম ও চিকিৎসকদের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম ও চিকিৎসকরা একে অপরের প্রতিপক্ষ নন। স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা গণমাধ্যমে উঠে এলে তা সংশোধনের সুযোগ তৈরি হয় এবং এর মাধ্যমে সেবার মান আরও উন্নত করা সম্ভব।
করোনা মহামারীসহ বিভিন্ন স্বাস্থ্য সঙ্কটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। ইউএপি’র ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের স্বীকৃতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক।