নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দেশে ফিরে এসেছেন—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের ডিসেম্বরের একটি পুরোনো ভিডিও।
১০ নভেম্বর দেশব্যাপী ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও ছড়ানো হয়। এর মধ্যে ‘দেশে ফিরেছে শেখ ইনান! মহাসড়ক অবরোধ ছাত্রলীগের’ এবং ‘শেখ ইনানের নেতৃত্বে সড়ক অবরোধ ছাত্রলীগের’—এমন শিরোনামে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়। ৩০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট ও শেয়ার করা হয়েছে। এর মধ্যে একটি পেজেই এটি ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে; প্রায় দুই লাখ প্রতিক্রিয়া পড়েছে, শেয়ার হয়েছে দুই হাজারের বেশি এবং প্রায় চার হাজার অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে।
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা যায়, এটি ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ধারণ করা নয়। ২০২৩ সালের ডিসেম্বরে ছাত্রলীগ নেতা শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান রবিনের ফেসবুক পেজে ১ মিনিট ৫২ সেকেন্ডের হুবহু একই ভিডিও পাওয়া যায়। সেটি ২০২৩ সালের ২৩ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল এবং ক্যাপশনে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাত ৩:০০ ঘটিকায় বরণ করার সময়।’ তবে ক্যাপশনে কোনো নির্দিষ্ট স্থানের নাম ছিল না।
অধিকতর যাচাইয়ে একই নামের আরেকটি ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে ইনানের হবিগঞ্জে আসা, সেখান থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়া এবং তাঁর আসার আগে অপেক্ষা করার বিষয়ে একাধিক পোস্ট ও ছবি পাওয়া গেছে। দুটি ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ২১ ডিসেম্বর ইনানের হবিগঞ্জে যাওয়ার কিছু ছবিও মিলেছে, যেখানে বলা হয়েছে সে সময় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শেখ ওয়ালি আসিফ ইনানের ফেসবুক পেজে তাঁর দেশে ফেরার বিষয়ে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি। ২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থানের পর তিনি ভারতে আশ্রয় নেন বলে জানা যায়। এর পর থেকে তাঁর দেশে ফেরার বিষয়ে মূলধারার গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়া যায়নি।