হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌ-মাইনে আঘাত পেয়ে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, গত ২৪ ঘণ্টায় এটি চতুর্থ ট্যাংকার, যেটি মাইনে আঘাত পেয়ে আগুনে পুড়ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এ বিবৃতিতে ট্যাংকারটির নাম, পতাকা, বহন করা পণ্য কিংবা ক্রুদের অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের নৌবাহিনী জানায়, একটি ট্যাংকার সোমবার ভোরে প্রণালির পূর্ব দিকের এমন একটি এলাকায় মাইনে আঘাত পায়, যাকে তারা ‘নিষিদ্ধ’ বলে বর্ণনা করেছে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং সেটি অচল হয়ে পড়ে। নৌবাহিনী আরও জানায়, প্রণালির পূর্ব অংশে জাহাজ চলাচলের ওপর তাদের নিরবচ্ছিন্ন নজরদারি আছে। ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করলে গুরুতর ঝুঁকি তৈরি হয় বলে সতর্ক করে তারা বলেছে, নৌচলাচলসংক্রান্ত সতর্কবার্তা অগ্রাহ্য করলে এর পরিণতির দায় জাহাজমালিকদের নিতে হবে।
আলাদা বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, দক্ষিণ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে দুটি ট্যাংকার মাইনে আঘাত পেয়েছে। তাদের জনসংযোগ কার্যালয়ের অভিযোগ, জাহাজ দুটি মার্কিন কর্মকর্তাদের সরাসরি নির্দেশনায় এবং মার্কিন যুদ্ধবিমানের সহায়তায় চলছিল। তাদের ভাষ্য, কয়েকটি শক্তিশালী বিস্ফোরণে কয়েক ঘণ্টা আকাশ আলোকিত হয়ে ছিল। রোববার থেকে ছয়টি ট্যাংকারে আগুন ধরে ডুবে যাচ্ছে বলেও দাবি করেছে তারা। তবে এ সংখ্যায় সেনাবাহিনীর নৌবাহিনীর জানানো ট্যাংকারটি ধরা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। আইআরজিসির দাবি, বিস্ফোরণের ফলে সৃষ্ট দূষণ প্রণালির পানি ও তীরে ছড়িয়ে পড়েছে।
আইআরজিসি এই পদক্ষেপকে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও ইরানের নৌচলাচল-বিধি লঙ্ঘনের জবাব বলে বর্ণনা করেছে। তাদের বক্তব্য, প্রণালির ‘মার্কিন-সৃষ্ট দক্ষিণ পথ’ আগুনের প্রাচীর দিয়ে মাইনযুক্ত করা হয়েছে; জাহাজমালিকদের তারা মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা না করার হুঁশিয়ারি দিয়েছে।
চলমান যুদ্ধ ও ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের মধ্যে ইরানি বাহিনী বারবার জানাচ্ছে, তেহরান যেসব পথকে ‘অননুমোদিত’ বলছে, সেসব পথে চলার সময় ট্যাংকার মাইনে আঘাত পেয়েছে। আগের মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, বর্তমান সংঘাতের সময় ইরান প্রণালিতে নৌ-মাইন বসিয়েছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করার তথ্য পাওয়া যায়নি।