বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সৈয়দপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সার ব্যবসায়ী নিহত, মেয়ে আহত; লাশ নিয়ে সড়ক অবরোধ

রংপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড়ে দুর্ঘটনার পর স্থানীয়রা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা স্কুলপড়ুয়া মেয়ে আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম আরিফ (৪০)। তিনি ওয়াপদা নতুনহাট দোলাপাড়ার মুকুল হোসেনের ছেলে এবং ঢেলাপীর বাজারের একজন সার ব্যবসায়ী। আহত শিশুটি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিকভাবে জানা গেছে, আরিফ মেয়েকে নিয়ে মোটরসাইকেলে স্কুল থেকে ফিরছিলেন। পথে ওয়াপদা মোড়ে তাঁর স্ত্রী অপেক্ষায় ছিলেন; তাঁকে নিয়ে একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল। গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরিফ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্ত্রী শহরের একটি স্কুলের সহকারী শিক্ষিকা। তিনি ঘটনাটি নিজের চোখে দেখেছেন বলে জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, রংপুর থেকে ছেড়ে আসা একটি গেটলক মিনিবাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসকে ওভারটেক করে ভুল পাশ দিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল, তখনই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাড়ি থেকে মাত্র প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী লাশ নিয়ে সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ চলছিল। এতে রংপুর-দিনাজপুর ও সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে এবং সৈয়দপুর শহরের ভেতরে তীব্র যানজট সৃষ্টি হয়।