মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণে শুক্রবার রাত ১০টা থেকে ১৫ ঘণ্টা বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের লেনদেন

আগামী শুক্রবার রাত ১০টা থেকে শনিবার বেলা ১টা পর্যন্ত এটিএম, পিওএস, অনলাইন ও মোবাইল ব্যাংকিংসহ বেশির ভাগ সেবা বন্ধ থাকবে।

কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের কারণে আগামী শুক্রবার রাত ১০টা থেকে পরদিন শনিবার বেলা ১টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা ইস্টার্ন ব্যাংকের লেনদেন-সুবিধা বন্ধ থাকবে। এ সময় কোনো গ্রাহক ব্যাংকটির এটিএম, পিওএসসহ নির্দিষ্ট চ্যানেলে লেনদেন করতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংক সোমবার ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে ইস্টার্ন ব্যাংকের এটিএম, এনপিএসবি, ক্যাশ রিসাইকেল মেশিন (সিআরএম), ড্রপবক্স, ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), চেক ডিপোজিট মেশিন, পয়েন্ট অব সেলস (পিওএস) ও ই-কমার্সসহ ব্যাংকিং ও নন-ব্যাংকিং চ্যানেলে ডেবিট কার্ড ও হিসাব-সংক্রান্ত সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

তবে এ সময়ে ইস্টার্ন ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম, পিওএসসহ ইস্টার্ন ব্যাংকের পিওএসের মাধ্যমে লেনদেন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ওই সময়ে ইন্টারনেট ব্যাংকিং, স্কাই ব্যাংকিং, মোবাইল অ্যাপ, ইবিএল কানেক্ট, মিসড কল অ্যালার্ট, ই-কেওয়াইসি, স্মার্ট আইভিআর, ইবিএল সেলফ সার্ভিস, সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং রেমিট্যান্স বা প্রবাসী আয়ের সেবাও বন্ধ থাকবে। এ ছাড়া আর্থিক লেনদেন সেবা আরটিজিএস, বিইএফটিএন ও সুইফটও এ সময় বন্ধ থাকবে।