সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রতিরক্ষাশিল্প পার্ক ও বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কপ-৩১ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন হুমায়ুন কবির।

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত তুরস্ক সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি প্রতিরক্ষাশিল্প পার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ অন্যান্য ক্ষেত্রে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তাঁর ভাষ্য, দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং সম্পর্ক এখন আরও বিস্তৃত অংশীদারত্বের দিকে এগোচ্ছে।

হুমায়ুন কবির জানান, বহুপক্ষীয় এই সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অল্প কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর এ সংকট সমাধানে আরও জোরালোভাবে কাজ করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নে আন্তর্জাতিক সমর্থন কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেন।

প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, এরদোয়ান প্রধানমন্ত্রীকে ‘প্রিয় ভাই’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হওয়ার পাশাপাশি আপনি আমার প্রিয় ভাই এবং এমন একজন নেতা, যাঁর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’ তিনি সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করে জানাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।