শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ঢাকার আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’র পরিকল্পনা, নিম্ন আয়ের জন্য টঙ্গীতে ভাড়াভিত্তিক ফ্ল্যাট

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি এখন পরিকল্পনার পর্যায়ে; ব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে ‘সেকেন্ডারি সিটি’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই জানিয়েছেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাস–সংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা রয়েছে। কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ রেখে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে কেন্দ্রীয় এলাকার ওপর চাপ কিছুটা কমবে এবং ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের বদলে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।

পরিকল্পনায় রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মনদীপ ঘরাই। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে।

প্রকল্পটি এখন পরিকল্পনার পর্যায়ে উল্লেখ করে তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন। এর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে আলাদা উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে ফ্ল্যাট কেনার বদলে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ থাকবে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবার পরিকল্পিত আবাসনে থাকতে পারবে বলে তিনি জানান।