এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষা বোর্ডগুলোর হিসাব অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
ফরম পূরণের সুযোগ ছিল ৯ নভেম্বর পর্যন্ত, আর ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর। ফল প্রকাশের এক মাসের মধ্যেই এ পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষা বিভাগ জানিয়েছে, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ। পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ নাগাদ প্রকাশ হতে পারে।
কোন বোর্ডে কত আবেদন
আবেদনকারীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডে, ৭১ হাজার ১৬৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ হাজার ৮৬৯ জন রাজশাহী শিক্ষা বোর্ডের। সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে, ১৪ হাজার ৪০৬ জন।
অন্য বোর্ডগুলোর মধ্যে যশোরে ৩৯ হাজার ২৩২ জন, দিনাজপুরে ৩৭ হাজার ৯১১ জন, চট্টগ্রামে ৩১ হাজার ৫৪১ জন, কুমিল্লায় ২৭ হাজার ৬৫৩ জন, সিলেটে ২১ হাজার ৪২০ জন এবং ময়মনসিংহে ২১ হাজার ৩১৮ জন ফরম পূরণ করেছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আবেদনকারী ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৪ হাজার ৭৫৪ জন।
এবারের ফলের চিত্র
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন; পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী পাস করতে পারেননি। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
অকৃতকার্যদের মধ্যে এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সম্পূরক পরীক্ষা শুধু এই দুই শ্রেণির পরীক্ষার্থীর জন্য।