বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ছয় মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা থেকে চূড়ান্তভাবে বাদ এলআর গ্লোবাল, রিভিউ আবেদন নাকচ করল বিএসইসি

বিধি লঙ্ঘন করে ৬৮ কোটি ৬৪ লাখ টাকা একটি তালিকাচ্যুত কোম্পানিতে বিনিয়োগের অভিযোগে গত ১ জুলাই নিয়োগ বাতিল হয়েছিল; মঙ্গলবারের সভায় সেই সিদ্ধান্তের রিভিউও খারিজ।

শেয়ারবাজারে ছয়টি মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ চূড়ান্তভাবে হারিয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। গত ১ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় তহবিলগুলোর সম্পদ ব্যবস্থাপক হিসেবে প্রতিষ্ঠানটির নিয়োগ বাতিল করা হয়। এর বিরুদ্ধে করা রিভিউ আবেদন মঙ্গলবারের সভায় নাকচ করেছে কমিশন।

যে ছয়টি ফান্ডের দায়িত্ব থেকে প্রতিষ্ঠানটি বাদ পড়েছে, সেগুলো হলো এনসিসি মিউচুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

বিএসইসির ভাষ্য, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেড নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করেছিল এলআর গ্লোবাল। এতে ইউনিটধারীরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন। কমিশন সূত্র জানায়, শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত ও কার্যক্রম বন্ধ থাকা সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডে (পরে নাম বদলে কোয়েস্ট বিডিসি) ছয়টি ফান্ড থেকে ৬৮ কোটি ৬৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তাই সম্পদ ব্যবস্থাপক হিসেবে প্রতিষ্ঠানটির নিয়োগ বাতিল করা হয়।

বিএসইসি সূত্রের তথ্য অনুযায়ী, কোয়েস্ট বিডিসিতে করা বিনিয়োগের অর্থ এখনো ফেরত আসেনি এবং জরিমানার অর্থও আদায় হয়নি। এ অবস্থায় মঙ্গলবারের সভায় নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার চেয়ে প্রতিষ্ঠানটির রিভিউ আবেদন নামঞ্জুর করা হয়। সূত্র জানায়, ১ জুলাইয়ের সিদ্ধান্তের পর ফান্ডগুলোর অধীন বিও হিসাব ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যা এখনো জব্দ অবস্থায় আছে। বর্তমানে এসব তহবিলের ট্রাস্টির দায়িত্বে আছে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।

মিউচুয়াল ফান্ড গঠিত হয় ফান্ডের উদ্যোক্তা ও সাধারণ বিনিয়োগকারীদের অর্থে। সেই অর্থ লাভজনকভাবে বিনিয়োগের দায়িত্ব থাকে সম্পদ ব্যবস্থাপকের হাতে। ফলে ব্যবস্থাপকের ভুল বিনিয়োগ বা অনিয়মের ক্ষতি সরাসরি পড়ে সাধারণ ইউনিটধারীদের ওপর।