রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দরগা খানকা শরীফের মোড়ে একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রাজ্জাকের গ্যারেজে থাকা বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান, কিন্তু ততক্ষণে বাসটি পুড়ে যায়।
শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুল ইসলাম এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, নিষিদ্ধ সংগঠনটির সন্ত্রাসীরা বাসটি পুড়িয়েছে। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
শাহমখদুম থানার ওসি আকবর আলী বলেন, ধারণা করা হচ্ছে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না। বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁকে থানায় ডাকা হয়েছে জানিয়ে ওসি বলেন, তিনি এলে এ ব্যাপারে থানায় একটি মামলা করা হবে।
একই সময়ে রাজধানীর কাছে সাভারের জোড়পুল এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে দাঁড় করানো একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রাজশাহীর ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত নয়; পুলিশের তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।