রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ উপজেলায় ৪৯৫ জন কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ৬ ডিসেম্বর পর্যন্ত

আউটসোর্সিং প্রক্রিয়ায় প্রতি উপজেলায় একজন করে টেকনিশিয়ান নেওয়া হবে; চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এবং স্থায়ী চাকরির নিশ্চয়তা নেই।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা কেনার জন্য সারা দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটিতে একজন করে মোট ৪৯৫ জন ‘এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান’ (ক্যাটাগরি-১) নেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা সরাসরি চুক্তির মাধ্যমে এ কাজের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, নির্বাচিত টেকনিশিয়ানদের নিজ উপজেলায় প্রতি মাসে কমপক্ষে ৫০টি কৃত্রিম প্রজনন কাজ সম্পন্ন করার অঙ্গীকারনামা দিতে হবে। তাঁদের প্রতি মাসের কৃত্রিম প্রজননসংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এআই টেকনিশিয়ানরা উন্নত জাতের ষাঁড়ের সিমেন ব্যবহার করে গাভির কৃত্রিম প্রজনন করান, যা গবাদিপশুর জাত উন্নয়ন এবং দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে।

আবেদনের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত ‘জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র’ থেকে চার মাসের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে দুই মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণের সনদ জমা দিতে হবে। কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত সেবাদানকারীরা আবেদনের যোগ্য। সরকারি প্রতিষ্ঠানে কৃত্রিম প্রজননে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে; কোনো উপজেলায় এমন প্রার্থী না পাওয়া গেলে সর্বোচ্চ অভিজ্ঞ প্রার্থীকে বাছাই করা হবে।

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫ (সংশোধিত) অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। চুক্তির মেয়াদ চুক্তির তারিখ থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ নিয়োগ ভবিষ্যতে প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থায়ী চাকরির কোনো নিশ্চয়তা দেবে না। নির্বাচিতরা সরকার নির্ধারিত সেবামূল্য (সম্মানী) পাবেন এবং খামারিদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ নিতে পারবেন না; আদায় করা ফি যথাসময়ে সরকারি কোষাগারে জমা দিতে হবে।