শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মহাদেবপুরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৬৮৭ মেট্রিক টন

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উপজেলা সদর খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেছেন; প্রথম দিনেই ৩ মেট্রিক টন ধান কেনা হয়েছে।

নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম বাচ্চু, সমিতির সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হাছান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আরেফিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনের প্রথম দিনেই একজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন আমন ধান সরকারি নির্ধারিত মূল্যে সংগ্রহ করা হয়। চলতি মৌসুমে উপজেলার সদর, মহিষবাথান, মাতাজীহাট ও সরস্বতীপুর খাদ্যগুদামে মোট ১ হাজার ৬৮৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্যশস্যের সরকারি মজুত শক্তিশালী করার লক্ষ্যে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। কৃষকদের নির্ধারিত নিয়ম মেনে সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করার আহ্বানও জানানো হয়।