শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন দুপুরের খাবার পাবে।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রতিযোগিতায় জমা পড়া ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।
জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টিতে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। আগামী বছর থেকে ৫০০ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সুবিধা পাবে ১ কোটি ১০ লাখ শিশু।
চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। স্কুলের খাবার সুস্বাদু ও সহজলভ্য করতে জেলা বা উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দেন তিনি। তাঁর মতে, স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি, স্থানীয় সহজলভ্য উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার এবং মায়েদের সম্পৃক্ততা শিশুদের পুষ্টির মান অনেকটাই বাড়াবে।
বক্তব্যে চিকিৎসক জুবাইদা রহমান বলেন, রান্না একটি শিল্প, একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম।