পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার রূপপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আতিকুর ঈশ্বরদী উপজেলার চক আল্লাদি গ্রামের মোবারক হোসেনের ছেলে। আহত দুজনের একজন একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে নাসিম উদ্দিন (৪২), অন্যজন আটঘরিয়া উপজেলার নুরুজ্জামানের ছেলে সেলিম (৪২)।
পরিবারের সদস্যরা জানান, আতিকুরসহ তিনজন একটি করিমন গাড়িতে দাশুড়িয়া থেকে মাছ নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। পথে রূপপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাঁদের বহনকারী করিমনকে ধাক্কা দেয়। এতে তিনজনই গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।