গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে পথরোধ করে একটি কক্ষে আটকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এর আগে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে মজুত করা বালুর স্থানে অভিযান চালানো হয়। অভিযানে বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টরও জব্দ করা হয়।
সংবাদ সংগ্রহ শেষে সিএনজিচালিত যানে করে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের গাড়ির গতিরোধ করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগীদের ভাষ্য, এরপর তাঁদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করা হয়, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোর করে হাতে টাকা ধরিয়ে ভিডিও ধারণ করা হয়। তাঁদের অভিযোগ, বালু ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিবের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকদের মারধর করে। মারধরে আহত চার সাংবাদিক বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্তদের বক্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।
পলাশবাড়ী থানার ওসি আখতার হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন; জব্দ করা যানবাহন ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয় সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি করেছেন।