শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে গ্রেপ্তার আন্তঃজেলা গরুচোর চক্রের অন্যতম হোতা উজ্জ্বল, চার জেলায় চুরির অভিযোগ

রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অন্যতম হোতাকে গোদাগাড়ীর রাজাবাড়ীহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দল।

রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় গরু চুরির অন্যতম হোতা উজ্জ্বল (৩২) গোদাগাড়ী উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শালদহ গ্রামে। পুলিশ বলছে, রাজশাহীসহ চার জেলায় সক্রিয় গরুচোর সিন্ডিকেটের অন্যতম হোতা তিনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোদাগাড়ীর রাজাবাড়ীহাট এলাকা থেকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপ ভ্যানসহ তাঁকে আটক করা হয়। ভ্যানটি জব্দ করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উজ্জ্বলের নিজের একটি পিকআপ ভ্যান আছে। গভীর রাতে ওই ভ্যান চালিয়ে তিনি চোরের দলের সদস্যদের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে গোদাগাড়ীর নারায়ণপুর গ্রামে এক কৃষকের বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়। ওই ঘটনার তদন্তে নেমে ভিডিও ফুটেজে পুলিশ একটি পিকআপ ভ্যান দেখতে পায়। অনুসন্ধানের পর সেই ভ্যানের মালিক হিসেবে উজ্জ্বলকে শনাক্ত করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, উজ্জ্বলের বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোরের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। নারায়ণপুরের চুরির ঘটনায় গোদাগাড়ী থানায় করা মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে সম্প্রতি জসিম উদ্দিন নামের এক কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, নারায়ণপুর গ্রাম থেকে চুরি হওয়া তিনটি গরু তাঁর কাছেই বিক্রি করা হয়েছিল। জসিমের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধরমপুরে। পুলিশ বলছে, চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।