মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৬৬; চলতি বছরে মৃত্যু ১১২৯

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন; রাজশাহী বিভাগে নতুন রোগী ৩২ জন।

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৮৮ জন রোগী শনাক্ত হয়েছে। এর বাইরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৭৮ জন। সব মিলিয়ে এক দিনে ১ হাজার ৪৬৬ জন রোগী শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৫৫২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ২৩ হাজার ৪৭৮ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮১ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৩১১। এ ছাড়া সিলেট বিভাগে ১৫৭, বরিশালে ১৩৪, খুলনায় ১২২, ময়মনসিংহে ৮৮, রংপুরে ৬৩ এবং রাজশাহী বিভাগে ৩২ জন রোগী শনাক্ত হয়েছে।

মার্চ মাসে হামের ব্যাপক প্রকোপ শুরু হলে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে মাসব্যাপী হামের টিকা দেওয়া শুরু হয়। তবে পরে দেখা যায়, প্রায় ৪০ লাখ শিশু টিকার আওতার বাইরে থেকে গেছে। বাংলাদেশে হাম একেবারে কমে এসেছিল; প্রায় এক দশক কোনো বছরেই হামে ৪০০–এর বেশি সংক্রমণ দেখা যায়নি।