শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে গ্যাস কারখানায় ডাকাতি: বোরকা পরে ঢুকে টাকা ও আড়াই টন তামার তার লুট, ওসি বললেন—ঘটনা স্বাভাবিক মনে হচ্ছে না

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৫৬ মিনিটে ছয়জন গ্রিল কাটার যন্ত্র নিয়ে কারখানার কার্যালয়ে ঢোকেন; তাঁদের তিন-চারজনের পরনে ছিল বোরকা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের কয়েকজন সদস্য বোরকা পরে কারখানার কার্যালয়ে ঢুকেছেন বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে। ফুটেজ অনুযায়ী, রাত ২টা ৫৬ মিনিটে ছয়জন গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে কারখানায় প্রবেশ করেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে ছিল সাদা বোরকা। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা টাকা ও প্রায় আড়াই টন তামার তার লুট করে নিয়ে গেছেন।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, অন্য ডাকাতির ঘটনার মতো এটিকে স্বাভাবিক মনে হচ্ছে না। ফুটেজে কার্যালয়ে ঢোকা ছয়জনের মধ্যে তিন-চারজনকে বোরকা পরা অবস্থায় দেখা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

ওসি আরও জানান, কারখানা কর্তৃপক্ষ মৌখিকভাবে বলেছে, ডাকাতেরা চার থেকে পাঁচ লাখ টাকা ও ১ হাজার ২০০ মিটার তামার তার নিয়ে গেছেন। এসব তারের ওজন প্রায় আড়াই টন। তবে কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি।

কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান বলেন, এ ঘটনায় তাঁরা থানায় মামলা করবেন। ডাকাতেরা কী পরিমাণ মালামাল নিয়ে গেছেন, তা হিসাব করা হচ্ছে।