কৃষকের ঘরে নতুন ধান, বাড়িতে এসেছেন মেয়ে-জামাই ও আত্মীয়স্বজন। পিঠা-পায়েসের আয়োজনে এভাবেই গ্রামবাংলায় উদ্যাপিত হচ্ছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। এ উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই পৌরশহরের পাঁচশিরা বাজারে বসেছে শতবর্ষী মাছের মেলা, স্থানীয়রা যাকে ‘জামাই মেলা’ নামেও ডাকেন।
বুধবার ভোর থেকেই ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে নানা বয়সী মানুষ মেলায় ভিড় করেন। অগ্রহায়ণ মাসের তৃতীয় দিনে প্রতিবছর এ মেলা বসে। ভোর ৪টা থেকে দিনব্যাপী চলে মাছ কেনাবেচা। মেলায় অংশ নেন উপজেলার মাত্রাই, হাতিয়র, মাদারপুর, হাটশর, হারুঞ্জ, পুনট, বেগুনগ্রাম ও পাঁচগ্রামসহ ২৫ থেকে ৩০ গ্রামের মানুষ। প্রতি বাড়িতে মেয়ে-জামাইসহ স্বজনদের আগে থেকে দাওয়াত দেওয়া হয়।
মেলায় রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগ্রেড ও বোয়ালসহ নানা জাতের মাছ সাজিয়ে বসেছেন বিক্রেতারা; এক কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের মাছ উঠেছে। সর্বোচ্চ ২৫ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪০ হাজার টাকায়, ২০ কেজির একটি রুই ১৯ হাজার টাকায়।
মেলার ইজারাদার আব্দুল লতিফ বলেন, মেলা আয়োজন করতে হয় না, প্রতিবছর স্বতঃস্ফূর্তভাবেই বসে; এবার আগের বছরের চেয়ে মাছের আমদানি বেশি। তাঁর আশা, এবার দেড় থেকে দুই কোটি টাকার মাছ কেনাবেচা হবে। জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা বলেন, এবার ছোট-বড় নানা প্রজাতির মাছ উঠেছে এবং অন্তত এক কোটি টাকার মাছ বিক্রি হবে বলে ধারণা। মৎস্য বিভাগ চাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।