শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আদালতের স্থগিতাদেশ থাকলেও প্রণোদনা-ঋণ পাবেন খেলাপিরা, ৬০ হাজার কোটি টাকার ১৫ স্কিমে নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

খেলাপি ঋণের বিষয়ে আদালতের স্থগিতাদেশ থাকলেও সংশ্লিষ্ট ঋণগ্রহীতা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

যেসব খেলাপি ঋণগ্রহীতার বিষয়ে আদালতের স্থগিতাদেশ রয়েছে, তাঁরাও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণসুবিধা পাবেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিমের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো খেলাপি ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে খেলাপি ঋণের বিষয়ে আদালত স্থগিতাদেশ দিলে ওই ঋণগ্রহীতা প্রণোদনার আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনা শুধু আদালতের স্থগিতাদেশ-সংক্রান্ত ক্ষেত্রে প্রযোজ্য; প্রণোদনা স্কিমের অন্যান্য শর্ত আগের মতোই থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে এসব প্রণোদনা ঘোষণা করা হয়েছিল। প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত তালিকায় ১৫টি স্কিমের বিবরণ দেওয়া হয়েছে।

এসব স্কিমের মধ্যে রয়েছে কৃষি ও পল্লি খাতের পুনঃঅর্থায়ন স্কিম, রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম এবং প্রিশিপমেন্ট ক্রেডিট খাতের পুনঃঅর্থায়ন স্কিম। উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের জন্য কয়েকটি বিশেষ স্কিমও আছে। পাশাপাশি গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন, সৃজনশীল অর্থনীতির জন্য বিশেষ স্কিম, স্টার্টআপ খাতে অর্থায়ন, চামড়া ও চামড়াজাত শিল্পের জন্য প্রাক্-অর্থায়ন স্কিম এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে প্রাক্-অর্থায়ন তহবিলও এই ১৫টি উদ্যোগের অন্তর্ভুক্ত।