বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের পরিবর্তে এখন ২০২৭ সালের ১১ ফেব্রুয়ারি ভোট হবে এবং চার দিন পর, ১৫ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। এর আগে সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন ২২ ডিসেম্বর অনুষ্ঠানের কথা ছিল; এরই মধ্যে একাধিকবার তারিখ পেছানো হয়েছে।
কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সময়সূচি প্রকাশ করে। কমিশনের মহাসচিব আহন মালু লুয়েথ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করলেও কারণ বা অন্য কোনো বিস্তারিত জানাননি। কমিশন ১৫ ফেব্রুয়ারি ফল ঘোষণা করে ১৬ ফেব্রুয়ারি তা প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছে।
যেদিন ভোটার নিবন্ধন শুরুর কথা ছিল, সেদিনই নতুন তারিখ ঘোষণা করা হলো। দেশজুড়ে ৩ হাজার ১০০-র বেশি নিবন্ধন কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, সব কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছায়নি।
জাতিসংঘ আগেই সতর্ক করে বলেছিল, এই সময়ে ভোট হলে ব্যাপক সংঘাত শুরু হতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট সালভা কিরের সরকারি বাহিনী ও আটক সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বেড়েছে, যাতে প্রাণহানিও হয়েছে। জাতিগত উত্তেজনা ও গবাদিপশু লুটকে কেন্দ্র করে সংঘর্ষও পরিস্থিতি জটিল করেছে।
২০১১ সালে সুদান থেকে স্বাধীন হওয়া দক্ষিণ সুদানে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত কির ও মাচারের অনুসারীদের মধ্যে গৃহযুদ্ধ চলে, যাতে অন্তত ৪ লাখ মানুষ নিহত হন। মাচার ২০২৫ সালের মার্চ থেকে গৃহবন্দী; তাঁর বিরুদ্ধে “মানবতাবিরোধী অপরাধের” অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের দক্ষিণ সুদান মানবাধিকার কমিশন একাধিকবার দেশটির পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। কমিশন বলেছে, সাম্প্রতিক উত্তেজনা নতুন করে সংঘাত ও নৃশংস অপরাধের ঝুঁকি বাড়িয়েছে। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং আন্তর্জাতিক ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে।