বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চারঘাট প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের সদস্য ফরম বিতরণ ১৭ নভেম্বর থেকে শুরু; ভোটগ্রহণ উপজেলা পরিষদ হলরুমে।

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাহিদুল ইসলাম নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ তফসিল ঘোষণা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রেসক্লাবের সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২২ নভেম্বর সদস্য যাচাই-বাছাই শেষে ভোটার তালিকা প্রস্তুত করা হবে। ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে। ২৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ নভেম্বর। পরদিন ২৯ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচনী প্রচারণা চলবে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ হবে; এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী নির্দেশনায় বলা হয়েছে, প্রেসক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনবিধি অনুসরণ করে নির্বাচন পরিচালনা করা হবে। বৈধ সদস্যরা ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে; সময়সীমা পার হওয়ার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।

সদস্য ফরম ও মনোনয়নপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০২ নম্বর কক্ষ এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।