শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘এনাফ ইজ এনাফ’

মহেন্দ্রনগর মডেল খালের কর্মসূচি উদ্বোধনের পর বক্তব্যে প্রধানমন্ত্রী সহিংসতা ও নৈরাজ্যের জবাব দিতে সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এক দিনের সফরে প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে সকাল ১০টা ২০ মিনিটের দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। সফরসূচিতে ছিল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন। এরপর মহেন্দ্রনগরে খাল পুনঃখননের উদ্বোধন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের কথা ছিল। পরে জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার এবং সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্বের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর আয়োজিত বিনিময় সভায় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাঁর ভাষ্য, ‘দেশে আর সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না।’

সন্ত্রাস ও হত্যার রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দেওয়ার কথাও বলেন তিনি।