এইচএসসি ও সমমান পরীক্ষার সম্পূরক পরীক্ষার ফরম পূরণের নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ৫ নভেম্বর জারি করা এক নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ওঠার পর এ নোটিশ দেওয়া হলো।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন। নিয়মিত ও অনিয়মিত—দুই ধরনের পরীক্ষার্থীই এ সুযোগ পাবেন। পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর।
ফরম পূরণ শুরু হয়েছে ৫ নভেম্বর এবং চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর। নির্ধারিত ফি অনুযায়ী তত্ত্বীয় প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা দিতে হবে। এর বাইরে পরীক্ষাকেন্দ্র ফি ৪৫০ টাকা।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
এত দিন পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীকে পরের বছরের পরীক্ষায় আবার বসতে হতো। এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ, যাতে তাঁদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে না হয়।