রাজশাহীর বাগমারা উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে দুজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিল ও নূরপুর সোলাখুড়া বিলে পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মথুরাপুর বিলে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পুকুর খননের কারণে এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সরকারি রাস্তাও। এ সময় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর পর দুপুর ১২টা ৪০ মিনিটে নূরপুর সোলাখুড়া বিলে অভিযান চালিয়ে একই অপরাধে আব্দুস সালাম (৬২) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
অভিযানের সময় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপপরিদর্শক এস এম আব্দুল আলিম ও উপপরিদর্শক রাব্বি ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।