গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ সতর্ক করেছে, এতে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারেন এবং জরুরি ত্রাণসেবা ব্যাহত হতে পারে। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষিত প্রথম বড় স্থল অভিযান।
বুধবার ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার যুদ্ধবিরতির আওতায় নির্ধারিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে নুসেইরাত শরণার্থীশিবিরের পূর্ব দিকে এবং বুরেইজের উত্তরে সালাহ আল-দিন সড়কের দিকে এগিয়ে যায়। গোলাবর্ষণ ও গুলির মুখে বাসিন্দারা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরে যেতে শুরু করেন। স্থানীয় সূত্র অনুযায়ী, আল-মুগরাকায় হামলায় একজন এবং দেইর আল-বালাহ, নুসেইরাত ও গাজা সিটিতে পৃথক হামলায় আরও তিনজন নিহত হয়েছেন; তবে জাতিসংঘ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট নিহতের সংখ্যা তিন বলে উল্লেখ করেছে।
জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, মানবিক সংস্থাগুলোর প্রাথমিক বিশ্লেষণে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ২.৫ বর্গকিলোমিটারের মধ্যে ১৮ হাজারের বেশি মানুষ অবস্থান করছিলেন, যাঁদের প্রায় ৪ হাজার ছিলেন বাস্তুচ্যুতদের জন্য তৈরি আশ্রয়কেন্দ্রে। তিনি বলেন, সংঘাতের সময় যাঁরা সরে যান, পরিস্থিতি অনুকূল হলে তাঁদের ফিরে আসার সুযোগ দিতে হবে এবং বেসামরিক মানুষ ও অবকাঠামোকে সুরক্ষা দিতে হবে। জাতিসংঘ আরও জানায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে ওই এলাকায় ছয়বার জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের অবকাঠামো ও সেনাদের জন্য হুমকি সৃষ্টিকারী তৎপরতা নির্মূল করতে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালানো হচ্ছে; তাদের অভিযোগ, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেন, ‘ইসরায়েল বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করবে না’। গাজা, লেবানন ও সিরিয়ায় আরও ভূখণ্ড দখল ও অনির্দিষ্টকাল সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য প্রস্তুত বলেও তিনি জানান। বিভিন্ন বিবরণে বলা হচ্ছে, ইসরায়েলি বাহিনী এখন গাজার ৬০ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে।
হামাস এ অভিযান ও বাসিন্দাদের জোর করে সরিয়ে দেওয়াকে যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়ে মধ্যস্থতাকারীদের অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। বুরেইজের ২৭ বছর বয়সী বাসিন্দা মাহমুদ আল-সাফিন বলেন, তাঁরা আশঙ্কা করছেন এটি আরও বড় অভিযানের সূচনা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে সেখানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৬ হাজার।