বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করল হাইকোর্ট

এইচএসসির সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশের সারকথা হলো, এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে যাঁরা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা আগামী ২৩ নভেম্বর। অথচ এসব ফল প্রকাশের আগেই দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল।

এ বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন; পাস করতে পারেননি ৫ লাখ ৭ হাজারের বেশি, অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে; আবেদন শেষ হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এবার পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা হওয়ার কথা—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ। আইবিএ ইউনিট বাদে বাকি চার ইউনিটে আবেদন ফি ১৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে।