সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

পুরান ঢাকার চকবাজারে এক ব্যাংকিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করতেও পিছপা হবে না পুলিশ। সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’

আইজিপি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। তাঁর ভাষ্য, ‘পুলিশ লাঠিপেটা করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট, আবার পুলিশ নীরব থাকলে বলা হয় দুর্বল পুলিশ।’ তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে এবং কাজ করতে সক্ষম করতে হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে। ‘স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা তা করা যাবে না’ উল্লেখ করে তিনি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, ‘কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।’

আইজিপি বলেন, অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশ বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এ প্রসঙ্গে তিনি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগের কথাও তিনি তুলে ধরেন বলে জানা গেছে।

গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করা জরুরি বলে মন্তব্য করেন আইজিপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।