← Back

পোষ্য কোটা স্থগিতসহ ৩ সিদ্ধান্ত নিল রাবি সিন্ডিকেট সভা

উপাচার্য লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ, লিয়াজোঁ কমিটি গঠন ও ভর্তি কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার
ছবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য লাঞ্ছিত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ, আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে লিয়াজোঁ কমিটি গঠন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের ভর্তির পোষ্য কোটার কার্যক্রম আপাতত স্থগিত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার নজিরবিহীন ঘটনার প্রেক্ষিতে শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে সিন্ডিকেট জানায়, প্রথমত এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্তেরও সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় গোলযোগ সৃষ্টি করে ছাত্রদের সঙ্গে সংঘাত বাধানোর চেষ্টা হতে পারে। এ কারণে সিন্ডিকেট একটি শক্তিশালী লিয়াজোঁ কমিটি গঠন করেছে। কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবে।

তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটার কার্যক্রম শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। সিন্ডিকেট জানিয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া সভায় রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন প্রসঙ্গও আলোচিত হয়। সিন্ডিকেট আশা প্রকাশ করেছে যে, নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাই ধৈর্য ও সহযোগিতা অব্যাহত রাখবেন।

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন