রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

জাতীয় সমবায় দিবসে রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে রোববার বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালি একই স্থানে এসে শেষ হয়। পরে অতিথিরা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। তিনি সমবায় কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান।

সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।